করোনা পরীক্ষা ফি নামছে অর্ধেকে

১৯ আগষ্ট, ২০২০ ১৫:২০  
কোভিড-১৯ (করোনাভাইরাস) পরীক্ষার ফি কমানো হয়েছে অর্ধেকে। বুথ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার ফি ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। বাসা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার ফি ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এই ফি কমানোর কথা জানান। কবে থেকে নতুন ফি কার্যকর হবে- জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলন, ‘দু’একদিনের মধ্যে এটি কার্যকর হবে। সার্কুলার দিতে যতটুকু সময় লাগবে।’ তিনি বলেন, করোনা পরীক্ষার একটি ল্যাব থেকে ৮৭টি ল্যাব হয়েছে। ল্যাব বাড়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার সংখ্যাও বাড়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে করোনা পরীক্ষা করতে আগ্রহ কমে গেছে। আক্রান্ত অনেকেই ঘরে থেকে স্বাস্থ্যসেবা নিচ্ছেন। অনেকেই মনে করেছেন পরীক্ষার কী প্রয়োজন। আবার বন্যার কারণেও কিছুটা পরীক্ষার হার কমে গেছে। ল্যাবের সংখ্যা বাড়ানো হবে কি-না- প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যাতে প্রতিটি জেলায় ল্যাব হয়, সেই পরিকল্পনা আছে।’